ফেনীতে বিপুল পরিমাণ শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ী এবং একটি পিকআপ ভ্যানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেলে ফেনী মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করে।
আজ সোমবার (২০ জুলাই) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা মো. শামীম (২১) ও মো. ইকবাল হোসেন (২০)। তারা দুজনই স্থানীয় শফি উল্ল্যাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ জানতে পারে একটি চক্র ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে শাড়ি কাপড়ের একটি বড় চালান এনে পিকআপ যোগে ফেনী শহরের দিকে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একাধিক টিম কাজিরবাগ ইউনিয়নের মধ্যম কাজিরবাগ সংলগ্ন সবুজপাড়া রাজনের বাড়ির কাছের একটি কাঁচা রাস্তায় অবস্থান নেয়। বিকেলে সন্দেহভাজন পিকআপটি সেখানে পৌঁছালে পুলিশ সেটির গতিরোধ করে। গাড়িটি তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করে। এর সাথে জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।