শেভরনের পৃষ্ঠপোষকতা

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ১০৪ মেধাবী তরুণীর যাত্রা শুরু

শেভরন বাংলাদেশ-এর সহযোগিতায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডাব্লিউ) আজ চট্টগ্রামে অবস্থিত তাদের ক্যাম্পাসে ‘ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল ২০২৬’-এর উদ্বোধন করেছে। চার সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ১০৪ ছাত্রী অংশগ্রহণ করছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ে তাদের আগ্রহ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২০১৯ সাল থেকে শেভরন বাংলাদেশ এইউডাব্লিউ-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তরুণীদের জন্য মানসম্মত STEM শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে আসছে। ২০২৫ সাল পর্যন্ত এ কর্মসূচিতে ৩৮০ জনেরও বেশি তরুণী সফলভাবে অংশগ্রহণ ও সম্পন্ন করেছেন।

এইউডাব্লিউ ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির উদ্দেশ্যে হাতে-কলমে ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ প্রদান করে। এর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা এবং পেশাগত ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। এ বছরের ব্যাচের ১০৪ জন শিক্ষার্থীকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত করা হয়েছে।

তারা গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার কোডিং এবং জনস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT), ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, আমেরিকান ইউনিভার্সিটি ইন দুবাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশি-বিদেশি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা এই কোর্সসমূহ পরিচালনা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এরিক এম. ওয়াকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ নারী নেতৃত্ব গঠনে STEM শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এরিক এম. ওয়াকার বলেন, STEM-এর ভবিষ্যৎ দূরে কোথাও নয়; STEM-এর ভবিষ্যৎ এই কক্ষেই উপস্থিত। তরুণীরা যখন বড় স্বপ্ন দেখতে এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ অনুসরণ করতে উৎসাহ পায়, তখন তাদের অর্জনের সম্ভাবনার কোনো সীমা থাকে না।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স পরিচালক মুহাম্মদ ইমরুল কবির। এছাড়া শেভরনের পক্ষে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান এ কে এম আরিফ আক্তার, কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিট উপদেষ্টা আলি আশরাফ চৌধুরী, ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার এম এ রকিব এবং সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. রাশেদুল আলম।

এইউডাব্লিউ-এর পক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য ড. সঙ্গীতা রায়মাঝি, অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ সেন্টারের পরিচালক ড. হাসিনা খান এবং এইউডাব্লিউ ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলের পরিচালক ড. মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী। তারা শিক্ষার্থীদের স্বাগত জানান।

অনুষ্ঠানটি সমন্বয় করেন ফাতেমা মেহজাবিন, স্বর্ণা বিশ্বাস ইতি এবং আবেদা সুলতানা। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সুযোগ সম্প্রসারণের অভিন্ন লক্ষ্য নিয়ে শেভরন বাংলাদেশ ও এইউডাব্লিউ দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে যাচ্ছে। বছরের পর বছর শেভরনের সহযোগিতায় সামার স্কুল কর্মসূচির পরিধি ও প্রভাব বিস্তৃত হয়েছে, যার ফলে আরও বেশি তরুণী উচ্চমানের STEM শিক্ষার সুযোগ পাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যেতে সক্ষম হচ্ছে।