কিছু বিজয় সময়কে বদলে দেয়। বদলে দেয় সভ্যতার গতিপথ। মুসলমানদের স্পেন বিজয় ছিল তেমনই এক ঘটনা। এটি ছিল জ্ঞান, ন্যায় এবং সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচনের সূচনা। ৭১১ খ্রিস্টাব্দে তারিক বিন যিয়াদের নেতৃত্বে মুসলমানদের স্পেন বিজয়ের মাধ্যমে জন্ম নেয় ঐতিহাসিক আন্দালুস, যা পরবর্তী প্রায় আটশ বছর বিশ্বসভ্যতার অন্যতম উজ্জ্বল কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।
উত্তর আফ্রিকায় মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ার পর গভর্নর মুসা বিন নুসাইর স্পেন অভিযানের উদ্যোগ নেন। সেই সময় স্পেনে ভিসিগথ রাজা রডারিকের শাসন চলছিল। রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং শাসকদের নিপীড়নে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। বিশেষ করে ইহুদি সম্প্রদায় ও অনেক স্থানীয় অধিবাসী মুক্তির আশায় নতুন শক্তির অপেক্ষায় ছিলেন।
উমাইয়া খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে তারিক বিন যিয়াদের নেতৃত্বে প্রায় সাত হাজার সৈন্য জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে স্পেনে প্রবেশ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মুসলিম বাহিনীর সংখ্যা প্রায় বারো হাজারে পৌঁছে। গোয়াদালেতে নদীর তীরে এই বাহিনীর সঙ্গে ভিসিগথদের বিশাল সেনাবাহিনীর মুখোমুখি যুদ্ধ হয়। সংখ্যায় অনেক কম হলেও মুসলিম বাহিনীর শৃঙ্খলা, দৃঢ় নেতৃত্ব এবং অটুট মনোবল তাদের বিজয় এনে দেয়। যুদ্ধে রাজা রডারিক নিহত হন এবং স্পেনে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়।
বিজয়ের পর মুসলমানরা প্রতিশোধপরায়ণ শাসকের ভূমিকা গ্রহণ করেননি। তারা বিজিত জনগণের জানমাল, ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেন। ফলে অল্প সময়ের মধ্যেই টলেডো, কর্ডোভা, সেভিল, গ্রানাডাসহ গুরুত্বপূর্ণ নগরগুলো মুসলিম শাসনের অন্তর্ভুক্ত হয়। ৭১২ খ্রিস্টাব্দে মুসা বিন নুসাইরও স্পেনে এসে অভিযানে অংশ নেন। তাদের সম্মিলিত নেতৃত্বে প্রায় সমগ্র স্পেন মুসলিম শাসনের অধীনে চলে আসে।
স্পেন বিজয়ের সবচেয়ে বড় অর্জন ছিল আন্দালুস সভ্যতার বিকাশ। কর্ডোভা হয়ে ওঠে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির আন্তর্জাতিক কেন্দ্র। সেখানে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার, চিকিৎসাকেন্দ্র এবং গবেষণা প্রতিষ্ঠান। কৃষি, গণিত, চিকিৎসাবিজ্ঞান, দর্শন, জ্যোতির্বিজ্ঞান ও স্থাপত্যে মুসলমানদের অবদান পরবর্তী ইউরোপীয় রেনেসাঁর ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে আন্দালুসে মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের সহাবস্থান মধ্যযুগের ইতিহাসে ধর্মীয় সহিষ্ণুতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
দীর্ঘ প্রায় আটশ বছর পর স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে। কিন্তু আন্দালুসের জ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার উত্তরাধিকার আজও বিশ্ব ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয়। কর্ডোভার মসজিদ, আলহামরা প্রাসাদ এবং স্পেনের অসংখ্য ঐতিহাসিক স্থাপনা এখনো সেই গৌরবময় যুগের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।