কম বিদ্যুৎ খরচের ডিশ আনল স্টারলিংক

স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক তাদের নতুন ভি৫ (ঠ৫) হোম ডিশ উন্মোচন করেছে। আগের মডেলের তুলনায় নতুন ডিশটি আকারে ছোট, ওজনে হালকা এবং বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক।

স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স বলেছে, নতুন ডিশটি সহজে বহন ও স্থাপন করা যাবে। এর সঙ্গে একটি রাউটার মিনি এবং ছাদে স্থাপনের জন্য বিশেষ পাইপ অ্যাডাপ্টারও দেওয়া হবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু অঞ্চলে সরবরাহ শুরু হয়েছে।

নতুন ভি৫ ডিশের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বিদ্যুৎ ব্যবহারে। আগের ভি৪ মডেলে যেখানে ৭৫ থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ প্রয়োজন হতো, সেখানে নতুন ডিশটি চলবে মাত্র ৩৫ থেকে ৫০ ওয়াটে। ওজনও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে, ফলে ইনস্টল করাও সহজ হবে।

যদিও ইন্টারনেটের সর্বোচ্চ গতিতে সামান্য পরিবর্তন এসেছে। ভি৪ মডেলে ৪০০ এমবিপিএসের বেশি গতি পাওয়া গেলেও নতুন ভি৫ ডিশে সর্বোচ্চ ৩৭৫ এমবিপিএসের বেশি গতি মিলবে।

স্টারলিংকের দাবি, অধিকাংশ ব্যবহারকারীর দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারে এই পার্থক্য তেমন প্রভাব ফেলবে না। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যারা কম বিদ্যুৎ খরচে নির্ভরযোগ্য স্যাটেলাইট ইন্টারনেট চান, তাদের জন্য নতুন ভি৫ ডিশ কার্যকর সমাধান হতে পারে। ভবিষ্যতে আরও উন্নত স্যাটেলাইট নেটওয়ার্ক চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে স্পেসএক্স, যা ব্যবহারকারীদের দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যেই তৈরি হচ্ছে।