রাজধানীতে প্রতিবেশীর মারধরে যুবকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে রিফাত হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।  স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে রিফাতের বাবা হাসেম মৃধা জানান, তারা রায়েরবাগ খানবাড়ি এলাকায় ভাড়া থাকেন। রিফাত একটি কার্টুন কারখানায় কাজ করে। পাশাপাশি বাড়িতে ভাড়া থাকে শাকিল (২৬) নামে এক যুবক। রাত সাড়ে ৮টার দিকে বাসার পিছনে বসে ছিল রিফাত। এ সময় শাকিল রিফাতকে বলে কিরে বসে বসে গাজা খাস নাকি? এই কথা শুনে শাকিলকে বকাঝকা করে রিফাত। এক পর্যায়ে শাকিল রিফাতকে মারধর করে। এতে অচেতন হয়ে পড়ে রিফাত। এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

হাসেম মৃধা আরও জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামে। বর্তমানে রায়েরবাগের খান বাড়িতে ভাড়া থাকেন। সে এলাকায় একটি কার্টুন তৈরির কারখানায় কাজ করত। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।