ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সামুদ্রিক বা নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে, যা বৈশ্বিক তেল সরবরাহের জন্য এক বড় হুমকি তৈরি করেছে। সোমবার (২০ জুলাই) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন।
মূলত গত সপ্তাহে হুথি-নিয়ন্ত্রিত বিমানবন্দরে সৌদি বোমাবর্ষণের অভিযোগে তারা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছুড়ে দীর্ঘ ৪ বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে দেয়। এর প্রতিক্রিয়ায় এখন তারা এই ‘চোখের বদলে চোখ’ নীতিতে নৌ অবরোধের ডাক দিয়েছে।
হুথিদের এই ঘোষণার পর সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মানদেব প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে এশিয়ায় সৌদি তেল রপ্তানি থমকে যেতে পারে। এর ফলে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের সরবরাহ অন্তত সাত শতাংশ কমে যেতে পারে।
জ্বালানি বিশ্লেষকদের মতে, ইরান সংকটের কারণে এরই মধ্যে বিশ্ববাজারে তেলের সরবরাহ ১০ শতাংশ কমেছে। এর ওপর নতুন এই অবরোধ আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের ধস নামাতে পারে।
ওয়াশিংটনভিত্তিক ঝুঁকি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাশা রিপোর্টের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলবাশার মতে, হুথিরা সৌদি বন্দরগামী জাহাজে সরাসরি আক্রমণ করবে কি না তা এখনো স্পষ্ট নয়। তবে হামলা না হলেও এই ধরনের ঘোষণা নৌ পরিবহন খাতে বড় অনিশ্চয়তা তৈরি করবে। সৌদি বন্দরগুলোতে জাহাজ চলাচলে স্থবিরতা দেখা দিতে পারে।