হজ প্যাকেজ ঘোষণা মঙ্গলবার, কমবে বিমান ভাড়া

মঙ্গলবার (২১ জুলাই) ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার। এদিন সচিবালয়ে বেলা ১১টায় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সংবাদ সম্মেলনে প্যাকেজগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এ বছর বিমান ভাড়া কমানো এবং হজের সামগ্রিক খরচ যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে আলোচনা চলছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ক্ষেত্রে এবার দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। একই সঙ্গে অন্যান্য সময়ের মতো বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য অনুসরণীয় একটি প্যাকেজও ঘোষণা করবে সরকার।

অন্যদিকে আগামী বছরের হজযাত্রীদের বিমানভাড়া চলতি বছরের থেকে ২৪ হাজার টাকা কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চলতি বছর হজযাত্রীদের বিমানভাড়া ছিল এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। এবার তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে বলে বিমান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এবার সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয় ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এছাড়া হজ প্যাকেজ-২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ ও হজ প্যাকেজ-৩ এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা খরচ ধরা হয়। আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ থাকছে না।

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজে খরচ ধরা হয়েছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হয় মোট ৫ লাখ ৫০ হাজার এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয় ৫ লাখ ১০ হাজার টাকা।

ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী হজে হজযাত্রীদের ব্যাকআপ আবাসন সুবিধা ২ শতাংশ রাখা, সাশ্রয়ী ডি-ক্যাটাগরির সেবা প্রদান বন্ধ, সৌদি মুদ্রা রিয়ালের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বাধ্যতামূলকভাবে সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাটারিং সার্ভিসের শর্তের কারণে আগামী হজের খরচ অনেকটাই বেড়ে যাবে। তাই বিমানভাড়া অনেকটা কমানো হলেও সামগ্রিকভাবে হজের খরচ কমানো সম্ভব হবে না। যদিও সরকারের পক্ষ থেকে হজের খরচ কমানোর আশ্বাস ছিল।

সরকারি প্যাকেজ ঘোষণা করার পরের দিন বুধবার (২২ জুলাই) হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য প্যাকেজ ঘোষণা করবে।