হারের পর ভয়াবহ দাঙ্গা আর্জেন্টিনায়

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর রাজধানী বুয়েনস এইরেসে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ম্যাচটি বড় পর্দায় দেখতে শহরের বিভিন্ন সড়কে জড়ো হওয়া হাজারো সমর্থকের মধ্যে পরাজয়ের পর হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন সমর্থক ও পুলিশ সদস্য। গতকাল সোমবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ৬৭ দশমিক ৫ মিটার উঁচু জাতীয় স্মৃতিস্তম্ভ ওবেলিস্ক ঘিরে উত্তেজনা শুরু হয়। কয়েকজন সমর্থক নিরাপত্তাবেষ্টনী টপকে স্মৃতিস্তম্ভে ওঠার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এরপর বিক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ পুলিশের দিকে কাচের বোতল ও বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করে।  ইনফোবায়ের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে। প্রায় ২০ মিনিটের সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হন। আহত হন কয়েকজন সমর্থকও। তাদের মধ্যে একজন উচ্ছৃঙ্খল সমর্থকের লাথিতে মুখে গুরুতর আঘাত পান এক ব্যক্তি। আহত হন এক নারীও। ঘটনার একপর্যায়ে পুলিশ রাজধানীর কোরিয়েন্তেস অ্যাভিনিউ থেকে বেলগ্রানো অ্যাভিনিউর দিকে অগ্রসর হয়। তখন উত্তেজিত জনতা পিছু হটতে শুরু করে। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, ভাঙা কাচের বোতলসহ সংঘর্ষে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাস্তায় পড়ে আছে। একটি ছবিতে দেখা গেছে, মাটিতে পড়ে থাকা আর্জেন্টিনার জার্সি পরা এক ব্যক্তিকে পুলিশ সদস্য লাথি মারছেন।

এদিকে পরাজয় সত্ত্বেও, আর্জেন্টিনায় একদিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্কে স্পেনের ফুটবলাররা শিরোপা উঁচিয়ে ধরার কয়েক ঘণ্টার মাথায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এ ঘোষণা দেন। তবে ছুটির তারিখটি জাতীয় দলের খেলোয়াড় ও কোচেরা মিলে নির্ধারণ করবেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে রবিবার রাতে লিওনেল মেসিদের হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। ওই ম্যাচ শেষে মাঠেও বিশৃঙ্খলা দেখা গেছে। পরাজয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা হাতাহাতিতে জড়ান। রেফারির ফাইনাল বাঁশি বাজার কয়েক সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের তারকা খেলোয়াড় এরিক গার্সিয়াকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। পরে স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে মাটিতেও আছড়ে ফেলেন তিনি।