মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং তার দুই ননদ রিংকি ও লিমা।
পুলিশ জানায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গৃহবধূ লামিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাদের এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তও চলমান রয়েছে।