ককরোচদের আন্দোলন নিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নফাঁস রোধ করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি পুরো দেশের একটি জাতীয় দায়িত্ব। একই সঙ্গে নির্ভুল ও প্রশ্নফাঁসমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন।

রিজিজুর ভাষ্য অনুযায়ী, মোদি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

মোদির এই মন্তব্য এমন সময়ে এলো, যখন একদিন আগে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের মিছিল ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে।

ব্যঙ্গধর্মী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি এক শুনানিতে কয়েকজন বেকার তরুণকে ‘তেলাপোকা’ বলে মন্তব্য করার পর ওই ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি গড়ে ওঠে।

আন্দোলনকারীরা নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।

ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর একটি হলো নিট। প্রতি বছর ২০ লাখের বেশি শিক্ষার্থী চিকিৎসক হওয়ার লক্ষ্যে এ পরীক্ষায় অংশ নেয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর গত মে মাসের পরীক্ষা বাতিল করা হয়। পরে গত মাসের শেষ দিকে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।

কিরেন রিজিজু বলেন, প্রশ্নফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসার পর সরকার দ্রুত ব্যবস্থা নেয়। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য বিলম্ব না করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে দেওয়া প্রকাশ্য বক্তব্যে প্রধানমন্ত্রী মোদি আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে কোনো মন্তব্য করেননি।