রাষ্ট্রপতির সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান নৌপ্রধান। একই সঙ্গে তিনি বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি নৌবাহিনীর উন্নয়নে অ্যাডমিরাল নাজমুল হাসানের অবদানের প্রশংসা করেন এবং বাহিনীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।