সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, বাধা নেই মুক্তিতে

ঢাকার ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এক হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন বলেন, তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আজ ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

২০২৫ সালের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তাঁকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে বাদীর সঙ্গে যোগাযোগ করে। প্রথমে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা নেওয়া হয়। পরে মুনাফাসহ অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও টাকা আর ফেরত দেওয়া হয়নি।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা করেন। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে তৌহিদ আফ্রিদিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।