ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

ফরিদপুরে অটোচালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ‎

‎মঙ্গলবার (২১ জুলাই)  দুপুর ২টায় ফরিদপুরের জেলা ও দায়রা জজ (পারিবারিক আপিল আদালত) আদালতে বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন— আসমত শেখ ও সাগর মোল্লা। একই মামলায় অপর আসামি আশিক শেখকের বিচার চলছে শিশু আদালতে।

‎আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোচালক নাঈম শেখকে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।

‎এ ঘটনায় পরদিন ২২ এপ্রিল নিহতের ভাই রাসেদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসমত শেখ, আশিক শেখ ও সাগর মোল্লাকে আসামি করা হয়।

‎মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৫ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।

‎ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান বলেন, অটোচালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসমত শেখ ও সাগর মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর আসামির বয়স কম হওয়ায় শিশু আদালতে বিচার চলছে।

‎তিনি আরও বলেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে সমাজে অপরাধ দমনে ইতিবাচক বার্তা যাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।