নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতি নিয়ে পুরো ভারতজুড়ে চলছে তুমুল বিক্ষোভ। দেশটির রাজধানী দিল্লির পাশাপাশি এবার আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে বাণিজ্য নগরী মুম্বাইয়েও।
আর সেই আন্দোলনের উত্তাপেই এবার আটক হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও বিশিষ্ট রাজনৈতিক কর্মী ফাহাদ আহমদ। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের দাদারে ‘ককরোচ জনতা পার্টি’র ব্যানারে আয়োজিত শান্তিপূর্ণ আন্দোলন থেকে তাকে আটক করে মুম্বাই পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরা ভাস্করের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, পুলিশ ফাহাদকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। সে সময় ফাহাদ বারবার কর্মকর্তাদের জিজ্ঞেস করছিলেন, ‘আমাকে কেন গ্রেফতার করছেন আপনারা? আমার অপরাধ কী?’
পরবর্তীতে পুলিশের গাড়ির ভেতর থেকেও একটি ভিডিও বার্তা পাঠান ফাহাদ। ভিডিওটি পোস্ট করে স্বরা ভাস্কর ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘আমার স্বামী ফাহাদসহ একাধিক বিক্ষোভকারীকে মাহিম থানায় আটকে রাখা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর চড়াও হচ্ছে মুম্বাই পুলিশ! এটিই কি ভারতের গণতন্ত্র? সত্যিই ধিক্কার জানানোর মতো অবস্থা!’
স্বরা আরও আহবান জানান, যাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে চৈত্যভূমিতে এসে আন্দোলন চালিয়ে যান।স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিজেপি-র এই আন্দোলনে বাধা দিতে গিয়ে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও কতজনকে আটক বা কতজন আহত হয়েছেন, সে বিষয়ে মুখ খোলেনি মুম্বাই পুলিশ প্রশাসন।
একই দিনে দিল্লিতেও বিশাল ‘ চলো সংসদ’ পদযাত্রার ডাক দিয়েছিল সিজেপি। সেখানে হাজার হাজার শিক্ষার্থীর পাশাপাশি রাজপথে নেমে আসেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি এবং অভিনেতা প্রকাশ রাজের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা।