‘বাংলা কিউআর’ নিয়ে রূপালী ব্যাংকের জনসচেতনতামূলক প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি আয়োজন করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মগবাজারে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলা কিউআর’ ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করবে। ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ।

প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে মগবাজার মোড়, কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে, নয়াটোলা ও রামপুরা এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ‘বাংলা কিউআর’ ব্যবহারের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হয়।

কর্মসূচিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও তানভীর হাসনাইন মইন এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, জোনাল অফিস ঢাকা সেন্ট্রাল এবং টিসিবি ভবন করপোরেট, মগবাজার, মালিবাগ, খিলগাঁও, নয়াটোলা ও রামপুরা শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রচারণা কর্মসূচিতে অংশ নেন।