ক্ষেতলালে অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিএসটিআইয়ের মান সনদ না থাকায় দুই বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজারে ক্ষেতলাল উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

​বিএসটিআই সূত্রে জানা যায়, মান সনদ ছাড়া এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্রেড ও কেক প্রস্তুত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারের ‘মায়া বেকারি’ মালিককে ১০ হাজার টাকা এবং ‘রাখি বেকারি’ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা এবং সার্বিক সহায়তা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

বিএসটিআই বগুড়া কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. জহুরুল হক এ তথ্য জানান। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানা তিনি।