যে কারণে নিজেকে প্রস্তুত করছেন শবনম

দেশীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শবনম২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন। এরইমধ্যে তিনি অবহিত হয়েছেন যে আগামী মাসের মাঝামাঝি সময়ে হয়ত এই সম্মাননা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি গ্রহন করবেন। এবারই প্রথম শবনম বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। যে কারণে এই ধরনের অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কী বলতে হবে তারই প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

শবনম বলেন, ‘এরইমধ্যে আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করা হয়েছে। বলা হয়েছে আগামী মাসের মাঝামাঝি সময়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে আমার হাতে আজীবন সম্মাননা তুলে দেয়া হবে। যেহেতু বাংলাদেশে এটাই প্রথম আমার রাষ্ট্রীয় স্বীকৃতি হতে যাচ্ছে এবং অনুষ্ঠানে আমাকে যেহেতু কিছু বলতে হবে, তাই আমাকেও বলার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। কারণ আমার বয়স হয়েছে। অনেক কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলি। তাই আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘আমি রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের মানুষের প্রতি, বাংলা সিনেমার দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাকে এখনো তারা ভালোবাসেন। দর্শকের ভালোবাসা নিয়েই আমি আজও মনে বেশ সুখ নিয়েই বেঁচে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’