ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর এলাকার লালন শাহ কলেজের সামনে স্যালো ইঞ্জিনচালিত লাটা গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোস্তফা শেখ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার কলেজ গেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা শেখ একই উপজেলার ভবাণীপুর গ্রামের তাঁতীপাড়ার মৃত সদর শেখের ছেলে। তিনি দুর্ঘটনার শিকার অটোরিকশার চালক। তবে এ ঘটনায় আহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি ভবানীপুর বাজার থেকে যাত্রী নিয়ে হরিণাকুণ্ডু উপজেলার শহরের দিকে আসছিলো। পথিমধ্যে সরকারি লালন শাহ কলেজের প্রধান ফটকের সামনে পৌছালে স্যালো ইঞ্জিনচালিত একটি লাটা গাড়ির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক মোস্তফা শেখ সহ আরও দুই যাত্রী আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসিত কুমার রায় বলেন, খবর পাওয়া পর ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে ।মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আমরা সেখানে যোগাযোগ শুরু করেছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।