২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতার পর কয়েক দিন নিজেকে প্রকাশ্যে আনেননি দলের অন্যতম তারকা উইঙ্গার ভিনিসিউস জুনিয়র। তবে বিরতি শেষে জনসম্মুখে আসতেই তাকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। ২৬ বছর বয়সী এই ফুটবলারকে দেখা গেছে নতুন চেহারায়—থুতনি ও চোয়ালের গঠনে এনেছেন বড় ধরনের পরিবর্তন।
বান্ধবী ভার্জিনিয়া ফনসেকার নতুন জিম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলে ভিনিসিউসের মুখের এই পরিবর্তনের বিষয়টি সবার নজরে আসে।
ব্রাজিলীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুখের থুতনি ও চোয়ালকে আরও সুগঠিত ও আকর্ষণীয় করতে সম্প্রতি একটি প্লাস্টিক সার্জারি করিয়েছেন ভিনিসিউস।
পরবর্তীতে তাঁর চিকিৎসক ড. আলেসান্দ্রো আলারকাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভিনিসিউস "ফেসিয়াল ন্যাচারালাইজেশন" নামক একটি কসমোটিক সার্জারি করিয়েছেন, যার উদ্দেশ্য হলো মুখের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে চোয়াল ও থুতনির গঠনকে আরও নিখুঁত করা। ডাল এক পোস্টে চিকিৎসক বলেন, "ভিনিসিউসের মতো এক চমৎকার মানুষকে আমাদের ক্লিনিকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তাঁর বিশ্বাস ও ভালোবাসার জন্য অশেষ ধন্যবাদ।"