আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, 'আইনজীবীদের পেশাগত সততা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।' তিনি আরো বলেছেন, 'আইনজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে আঞ্চলিক আইনজীবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব সংগঠনকে রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।'
মঙ্গলবার (২১ জুলাই) বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে 'খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি'র সামার কনভেনশন-২০২৬ ও সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, 'সমাজে বিভাজন নয়, বরং ঐক্য, সহনশীলতা ও পুনর্মিলনের সংস্কৃতি প্রতিষ্ঠা সময়ের দাবি।
তিনি আরও বলেন, আইনজীবীদের সংগঠনগুলোকে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে প্রবীণ ও নবীন আইনজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত হবে।'
তিনি বলেন, 'খুলনা বিভাগ থেকে প্রতিবছর মেধাবী আইনজীবী, বিচারক ও আইন কর্মকর্তা দেশের বিচারব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখতে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতিকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।'
মন্ত্রী বলেন, 'আইনজীবী সমাজ আইনের শাসন, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে। সেই দায়িত্ব পালনে পেশাগত সততা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।'
তিনি বলেন, 'ঐক্য, সম্প্রীতি ও পেশাগত উৎকর্ষের মাধ্যমেই আইনজীবী সমাজ আরও সমৃদ্ধ হবে।'
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।