চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি সন্দ্বীপ থানার সুজন হালদার

মাদক, সন্ত্রাস ও ডাকাত চক্রের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা এবং সন্দ্বীপে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অবদান রাখায় সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই ) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, বিপিএম-এর কাছ থেকে তিনি শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক (ক্রেস্ট) গ্রহণ করেন।

সম্মাননা প্রাপ্তির পর ওসি সুজন হালদার বলেন, অপরাধ দমনে সন্দ্বীপ থানার প্রতিটি পুলিশ সদস্যের দায়িত্বশীলতা এবং দ্বীপবাসীর আন্তরিক সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে সুজন হালদার সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে বেশ কয়েকজন দাগী সন্ত্রাসী, মাদক কারবারি ও ডাকাত চক্রের সদস্যকে গ্রেপ্তার করেন। তাঁর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে সন্দ্বীপে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে স্থানীয়দের অভিমত।