ইরানে টানা ১১তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ জুলাই) ভোরে পরিচালিত এ হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানায়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হামলা আরও জোরদারের ইঙ্গিত দিয়েছিলেন।
মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এসব অভিযান চলছে। অন্যদিকে ইরানও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা অব্যাহত রেখেছে। মঙ্গলবার বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়। জর্ডান জানিয়েছে, তাদের লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার পর নাবিকদের জাহাজ ত্যাগ করতে হয়। এ হামলার দায় স্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একই সঙ্গে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রবাণিজ্য আরও ঝুঁকির মুখে পড়েছে।
এদিকে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে পাকিস্তান সফর করেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তান উভয় পক্ষকে আবার আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা চালাচ্ছে।
তবে আলোচনার সম্ভাবনা নিয়ে আশাবাদী নন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ইরান আলোচনায় বসতে চাইলেও যুক্তরাষ্ট্রের এখন তাতে আগ্রহ নেই। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনার কাছে অবস্থিত ভূগর্ভস্থ পিকঅ্যাক্স কমপ্লেক্সে হামলারও ইঙ্গিত দেন তিনি।
জবাবে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, পারমাণবিক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে তা যুদ্ধের নতুন পর্যায় হিসেবে বিবেচিত হবে এবং যুক্তরাষ্ট্র, তার মিত্র ও স্বার্থসংশ্লিষ্ট সব লক্ষ্যবস্তু ইরানের হামলার আওতায় আসবে।
এদিকে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯১ ডলারের ওপরে উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরান সংঘাতে আহত মার্কিন সেনার সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে, যদিও পেন্টাগনের সর্বশেষ সরকারি হিসাবে এ সংখ্যা ৪৮২।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক অবকাঠামোর ওপর হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।