ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের ১-০ গোলের জয়কে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে ইরান। ইরানের দাবি, স্পেনের এই বিশ্বকাপ জয় বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নীতির বিরোধিতাকারী মানুষের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।
বিশ্বকাপ চলাকালীন ও ফাইনাল ম্যাচে গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েল যুদ্ধের কঠোর সমালোচনা ও নিন্দা জানিয়েছিল স্পেনের সরকার। অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই প্রকাশ্যেই ইসরায়েলের নীতির সমর্থনে অবস্থান নেওয়ায় দেশটির সমর্থনে ভিড় জমিয়েছিলেন ইসরায়েলি রাজনীতিক ও সমর্থকরা।
ইরানের শীর্ষ পরামার্শক ও মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের ঘালিবাফ আইআরএনএ নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে বলেন, "স্পেন দল যেভাবে ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন প্রকাশ করেছে এবং স্প্যানিশ সরকার ইরানের পাশে দাঁড়িয়েছে, তা দেখায় যে স্বাধীনতা ও আত্মমর্যাদা স্পেনের মতো একটি বুদ্ধিমান জাতির মূল বৈশিষ্ট্য।"
তিনি আরও যোগ করেন, স্পেনের এই ১-০ গোলের জয় কেবল তাদের নিজস্ব জনগণের হৃদয়েই আনন্দ এনে দেয়নি, বরং বিশ্বের স্বাধীন, স্বাধীনচেতা ও বিচারকামী বহু দেশের মানুষকেও আনন্দিত করেছে।