আতলেতিকো মাদ্রিদের ২৬ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে ইউরোপীয় ফুটবলের দলবদল বাজার এখন উত্তপ্ত। ২৬ বছর বয়সী এই তারকা নিজে ক্লাবে অসন্তুষ্ট এবং দল ছাড়তে ইচ্ছুক হলেও তাঁকে দলে ভেড়াতে গিয়ে আর্সেনাল, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে নানা জটিল সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে।
বার্সেলোনার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ও ৩১ জুলাইয়ের ডেডলাইন
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র তথ্যমতে, আলভারেজকে পেতে বার্সেলোনা ইতোমধ্যে ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত প্রস্তাব পাঠিয়েছে। তবে এই প্রস্তাবে রাজি হতে আতলেতিকো মাদ্রিদকে ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে তারা অন্য খেলোয়াড়ের দিকে মনোযোগ দেবে। যদিও ফুটবল বিশেষজ্ঞ জুলিয়েন লরেন্স বার্সায় আলভারেজের যোগ দেওয়াকে একপ্রকার 'অসম্ভব' বলেই মনে করছেন।
অন্যদিকে, বার্সেলোনা বিকল্প হিসেবে চেলসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে ভাবছে বলে গুঞ্জন উঠলেও খ্যাতনামা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তা অলীক গুঞ্জন হিসেবে উড়িয়ে দিয়েছেন।
আর্সেনালের সুযোগ ও স্পোর্টিং ডিরেক্টর 'বার্তার' চাল
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বার্তা দীর্ঘ এক দশক আতলেতিকো মাদ্রিদের ট্রান্সফার প্রধান ছিলেন। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটিতে খেলা আলভারেজকে তিনিই ৯৫ মিলিয়ন ইউরোতে আতলেতিকোতে সই করিয়েছিলেন। এি সম্পর্কের সূত্র ধরে বার্তা সরাসরি খেলোয়াড় এবং তাঁর প্রতিনিধির সাথে প্রাথমিক আলোচনা শুরু করেছেন।
আর্সেনালের বড় সুযোগ হলো, আতলেতিকো তাদের লা লিগার সরাসরি প্রতিদ্বন্দ্বী (বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ)-র কাছে আলভারেজকে কোনোভাবেই বিক্রি করতে রাজি নয়। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগই আতলেতিকোর জন্য একমাত্র গ্রহণযোগ্য পথ। যেহেতু আর্সেনাল মরগান রজার্সকে চেলসির কাছে হারিয়েছে, তাই তাদের আক্রমণভাগ শক্ত করতে আলভারেজ এখন প্রধান লক্ষ্য।
সমস্যা বিশাল অঙ্কের বাইআউট ক্লজ
আতলেতিকো প্রেসিডেন্ট এনরিক সেরেসো সাফ জানিয়ে দিয়েছেন যে আলভারেজকে বিক্রি করার ইচ্ছা তাঁদের নেই। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই স্ট্রাইকারের রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো।
সম্প্রতি রিয়াল মাদ্রিদ ১৫০ মিলিয়ন ইউরোর একটি বিশাল আনুষ্ঠানিক প্রস্তাব দিলেও আতলেতিকো তা একবাক্যে ফিরিয়ে দিয়েছে। ট্রান্সফার বাজারে কেউ ৫০০ মিলিয়ন ইউরো দেবে না জেনেও এই সংখ্যাটিকে একটি শক্ত দেয়াল হিসেবে ব্যবহার করছে আতলেতিকো, যাতে আলোচনার পুরোটাই তাদের নিয়ন্ত্রণে থাকে।
এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গেই ফি চূড়ান্ত হয়নি। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত দলবদলের উইন্ডো খোলা থাকায় আলভারেজের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।