পাসপোর্ট সূচকে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই কাতারে

হেনলি পাসপোর্ট সূচকের সর্বশেষ সংস্করণে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান হয়েছে ৯৭তম। তবে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বিশ্বের দুর্বলতম পাসপোর্টগুলোর তালিকাতেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভালের মাধ্যমে ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

মঙ্গলবার (২১ জুলাই) লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সূচকটি প্রকাশ করেছে। এতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। বাংলাদেশের নিচে রয়েছে শুধু নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান।

হেনলি পাসপোর্ট সূচকে কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কয়টি গন্তব্যে যেতে পারেন, তার ভিত্তিতে র‌্যাংকিং করা হয়। ২০২৬ সালের সূচকে ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিবেচনা করা হয়েছে।


দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, তাদের অবস্থান ৫২তম। দেশটির পাসপোর্টধারীরা ৯৩টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। ভারত ৮১তম অবস্থানে থেকে ৫৫টি ও শ্রীলঙ্কা ৯৪তম অবস্থানে থেকে ৩৯টি গন্তব্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে যেতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, প্রতিটি দেশের পাসপোর্টে ১৮৮টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে। ১৮৭টি গন্তব্যে প্রবেশের সুযোগ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন।

সূচকটির ২০তম বার্ষিকী উপলক্ষে হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, বর্তমানে বিশ্বের একটি গড় পাসপোর্টে ১০৮টি গন্তব্যে আগাম ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে, যা ২০০৬ সালে সূচকটি প্রথম প্রকাশের সময় ছিল ৫৮টি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে বৈশ্বিক চলাচলের সুযোগ ধারাবাহিকভাবে বেড়েছে। তবে ভূরাজনৈতিক উত্তেজনা ও সশস্ত্র সংঘাত আন্তর্জাতিক ভ্রমণকে এখনও প্রভাবিত করছে। বিশ্বের শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের মধ্যে ব্যবধানও বেড়েছে, সিঙ্গাপুরের ১৯২টি গন্তব্যের বিপরীতে আফগানিস্তানের পাসপোর্টে আগাম ভিসা ছাড়া মাত্র ২২টি গন্তব্যে যাওয়ার সুযোগ রয়েছে।