বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা, কোনটিতে কত টাকা?

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বুধবার (২২ জুলাই) রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরা হয়।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, প্যাকেজ-১ (বিশেষ)-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা। প্যাকেজ-২ (সাধারণ)-এর মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা এবং প্যাকেজ-৩ (সাশ্রয়ী)-এর মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান, এজেন্সিগুলো হজযাত্রীদের চাহিদা অনুযায়ী আরও একটি বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবে।

সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, সরকারের ঘোষিত প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী প্যাকেজটি নির্ধারণ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।