বিস্ময়কর ঘটনাই বলা চলে। মার্কিন পপকন্যা টেইলর সুইফটের বিয়ের সব বাতিল সামগ্রী বিক্রি শুরু হয় কয়েকদিন আগে। শুধু তাই নয়, বিয়ের ভেন্যুর আশপাশ থেকে সংগ্রহ করা বিভিন্ন ‘আবর্জনা’ বিক্রি করে সাড়া ফেলেছেন নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগনাক। জানা গেছে এসব স্মারক কিনতে ১০০ ডলার পর্যন্ত খরচ করছেন ভক্তরা।
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশ থেকে গিগনাক সংগ্রহ করেন একটি রিং পপ ক্যান্ডি, একটি ফেলে রাখা এয়ারপড, এমনকি একটি ওভুলেশন টেস্ট কিটও। পরে এসব জিনিস স্বচ্ছ প্লাস্টিকের কিউবে সংরক্ষণ করে বিক্রির জন্য তুলে ধরেন। গিগনাক জানান, তিনি ৫০টি ‘পকেট গার্বেজ’ কিউব তৈরি করেছেন, যার প্রতিটির দাম ২৫ ডলার। এছাড়া বড় আকারের কিউবের মূল্য রাখা হয়েছে ১০০ ডলার।
তবে তিনি স্পষ্ট করে বলেছেন, সংগ্রহ করা জিনিসগুলো সরাসরি টেইলর সুইফট, ট্রাভিস কেলসি বা তাদের অতিথিদের ব্যবহৃত- এমন কোনো নিশ্চয়তা তিনি দিতে পারেন না। তার ভাষায়, এগুলো শুধু বিয়ের দিন ভেন্যুর বাইরের এলাকা থেকে সংগ্রহ করা স্মারক।
গত ২৫ বছর ধরে আবর্জনা সংগ্রহ করে শিল্পকর্ম তৈরির কাজ করছেন জাস্টিন গিগনাক। তার বিশ্বাস, মানুষ যে জিনিসগুলো ফেলে দেয়, সেগুলোর মধ্যেও সৌন্দর্য ও স্মৃতির মূল্য খুঁজে পাওয়া সম্ভব।