জামালপুরের মাদারগঞ্জে যুবদল নেতা মোখলেছুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে বাসচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবদল নেতার স্ত্রী মনি রহমানও গুরুতর আহত হন।
বুধবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে প্রায় ১০টা পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করে এর প্রতিবাদ করে তার অনুসারী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে দুই ঘণ্টার সড়কের যান চলাচল বন্ধ থাকে।
মোখলেছুর রহমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী সিএনজিচালিত অটোরিকশায় মাদারগঞ্জ থেকে জামালপুর শহরের উদ্দেশ্যে বের হয়। পথে দাঁতভাঙা ব্রিজ অতিক্রম করে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা রাজিব পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে যুবদল নেতা মোখলেছুর রহমান ও তার স্ত্রী মনি রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান বলেন, এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, এটা নিছক একটি সড়ক দুর্ঘটনা। তারা এটাকে পরিকল্পিত হত্যাচেষ্টা মনে করতেই পারেন। সড়ক অবরোধ বিষয়টি আমি শুনেছি।
এবিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, মঙ্গলবার রাতে জামালপুর যাওয়ার পথে যুবদল নেতা মোখলেছুর রহমান ও তার স্ত্রীকে বহনকারী সিএনজির সঙ্গে একটি বাসের দুর্ঘটনা কেন্দ্র করে সকালে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বড় বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে।