লালমনিরহাটে পণ্য চোরাচালানের মামলায় সমীর পাল নামে এক ভারতীয় ট্রাকচালককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। বুধবার (২২ জুলাই) আসামির উপস্থিতিতে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় দেন।
একই সঙ্গে রায়ে সাজাপ্রাপ্ত আসামির সাজা ভোগ শেষে তাকে নিজ দেশে পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা ট্রাকটি বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত সমীর পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে বলা হয়, ২০২৫ সালের ৬ নভেম্বর সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। সে সময় সমীর পাল পরিচালিত একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকে তল্লাশি করে এক লাখ ৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২৭২ কেজি সিসা সদৃশ বস্তু, ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের দেড় হাজার ওসিমিন ৮০ এমজি ট্যাবলেট ও ৪ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যের দেড় হাজার ওসিমার্ট ট্যাবলেটসহ ৪৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়।
এঘটনায় ৬১ বিজিবির নায়েব সুবেদার মো. আনজারুল হক বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) সামসুল আলম মিলন বলেন, উপযুক্ত আলামতসহ আসামি হাতেনাতে গ্রেপ্তার হওয়ায় আদালতে অপরাধ প্রমাণ করা সহজ হয়েছে। স্বল্প সময়ে সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন। রায়ে আমরা সন্তুষ্ট।