চুপ থাকাই কাল হলো ক্যাটরিনার

৭০ হাজার ফলোয়ারের ফ্যানপেজ বন্ধ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে এবার নতুন বিতর্ক। কোনো নতুন ছবি বা ব্যক্তিগত জীবনের কারণে নয়, বরং একটি সামাজিক ইস্যুতে তার চুপ থাকা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। কথিত ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে চলা প্রশ্নফাঁস এবং শিক্ষা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন নিয়ে অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া না আসায় ক্ষুব্ধ হয়ে তারই একটি জনপ্রিয় ফ্যানপেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই পেজের অ্যাডমিন। প্রায় ৭০ হাজার অনুসরণকারী থাকা এই ফ্যানপেজের সিদ্ধান্ত ঘিরে এখন দুই ভাগে বিভক্ত নেটপাড়া। 

ফ্যানপেজের তরফে প্রকাশিত বিবৃতিতে স্পষ্ট হতাশার সুর। সেখানে লেখা হয়েছে, ‘ছোটবেলা থেকেই আমি আপনার ভক্ত। কিন্তু আমাদের মতো ভারতীয়দের, বিশেষ করে সেই পড়ুয়াদের (NEET Protest) জন্য আপনি একটি কথাও বললেন না, যারা মন থেকে আপনাকে ভালোবাসে। সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস আপনার নেই। যখন আপনি কঠিন সময়ের মধ্যে ছিলেন, তখন আমরা আপনার পাশে দাঁড়িয়েছিলাম। অথচ আজ আপনি আমাদেরই হতাশ করলেন। তাই আমি আপনাকে আনফলো করছি এবং এই ফ্যানপেজ বন্ধ করে দিচ্ছি। আপনি এর যোগ্য নন।’ 

এই পোস্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। এক প্রতিবেদন অনুযায়ী, অনেকেই ফ্যানপেজ অ্যাডমিনের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। একজন মন্তব্য করেন, ‘অ্যাডমিনকে সম্মান জানাই।’ আরেকজন লেখেন, "আপনি ফ্যানপেজ বন্ধ করছেন জেনে ভালো লাগল।’ 

তবে সমান সংখ্যক মানুষ আবার ক্যাটরিনা কাইফের পাশেও দাঁড়িয়েছেন। তাদের যুক্তি, একজন শিল্পী হিসেবে কোনো বিষয়ে তিনি কথা বলবেন আর কোনো বিষয়ে নীরব থাকবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সম্পূর্ণ তার নিজের। 

এক অনুরাগী লিখেছেন, ‘যদি আপনি গণতন্ত্রে বাস করেন, তবে তিনিও করেন। আপনি যেমন নিজের সমর্থনের বিষয় বেছে নিতে পারেন, তিনিও পারেন। শুধু আপনার মতের সঙ্গে না মিললেই কাউকে দোষারোপ করা যায় না। আর যদি এই কারণে আপনি তাকে সমর্থন করা বন্ধ করেন, তাহলে হয়তো আপনি কখনও সত্যিকারের ভক্তই ছিলেন না। কাউকে তার অবস্থান নিয়ে আবেগের চাপে ফেলবেন না। তিনি প্রাপ্তবয়স্ক, তিনি ঠিক-ভুল বুঝতে পারেন।’