নৈশ্যপ্রহরীর হাত-পা বেঁধে রেখে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় পাংশা চ্যানেলের পদ্মা নদী থেকে ইঞ্জিনবিহীন স্পিডবোট দুইটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) রাত আড়াইটার দিকে আরিচা স্পিডবোট পন্টুনে ইঞ্জিন লুটের ঘটনা ঘটে।
ঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে পাঁচজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পায়ে হেঁটে ঘাটে প্রবেশ করে। সে সময় দায়িত্বরত নৈশ্যপ্রহরী কোব্বাত আলী (৭০) ঘাটের পন্টুনে ছিল এবং অপর প্রহরী রমজান (৩৬) রাতের খাবারের জন্য ঘাটের হোটেলে ছিল। এ সুযোগে ডাকাতদল কোব্বাতকে একা পেয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা বিশেষ কৌশলে স্পিডবোট দুটি চালু করে ঘাট থেকে দক্ষিণ দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর কোব্বাত আলী চিৎকার শুরু করলে বাজার এলাকায় টহলরত পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
খবর পেয়ে স্পিডবোট মালিক ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বুধবার সকালে আরিচা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝামাঝি পাংশা চ্যানেল এলাকায় ইঞ্জিনবিহীন অবস্থায় স্পিডবোট দুটি উদ্ধার করা হয়।
স্পিডবোট মালিক উজ্জল ফকির বলেন, এতে তার ১১৫ অর্শ শক্তির ইঞ্জিন ও অপর বোট মালিকের ৮৫ অর্শ শক্তির ইঞ্জিন নিয়ে যাওয়ায় প্রায় ২২ লাখ টাকা ক্ষতি হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শিবালয় থানা ও নৌ-পুলিশ যৌথভাবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের সন্ধানে জোর তৎপরতা চলছে।