ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩০৫ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন ১,৭৩,৯১৮ জন। এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১২ জন ফিলিস্তিনি নিহত এবং ১২ জন আহত হয়েছেন। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েলি বাহিনী তা লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে এবং অঞ্চলটির বিভিন্ন অংশে নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, অনেক নিহত ও আহত ব্যক্তি এখনো ধ্বংসস্তূপের নিচে এবং বিভিন্ন সড়কে আটকা পড়ে আছেন। নিরাপত্তা পরিস্থিতির কারণে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল অনেক এলাকায় পৌঁছাতে পারছে না, ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।