গাজীপুরে আইশ্বিন ফুডস লিমিটেডকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (২০ জুলাই) উপজেলা প্রশাসন, কালীগঞ্জ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাজীপুর-এর যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী কালীগঞ্জ উপজেলায় অবস্থিত আইশ্বিন ফুডস লিমিটেডের কারখানায় একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কালীগঞ্জ, জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানে উপস্থিত ছিলেন— ফারজানা ইয়াসমিন সোনিয়া, নিরাপদ খাদ্য অফিসার, গাজীপুর এবং কালীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকসহ উপজেলার পুলিশ সদস্যবৃন্দ।
অভিযানকালে নিম্নোক্ত অনিয়মসমূহ পরিলক্ষিত হয়:
১/ খাদ্য পণ্যের লেবেলিং এ সঠিক তথ্য না দেয়া এবং খাদ্য উপকরণের অসম্পূর্ণ তথ্য প্রদান।
২/ খাদ্য সংযোজন দ্রব্যগুলোর সংরক্ষণ পদ্ধতি এবং লেবেলিং সঠিকভাবে না থাকা।
৩/ ব্রেডের মেয়াদ ৩০ দিন প্রদান করা হলেও তাদের সেলফ লাইফ স্টাডিসহ খাদ্য পণ্যের কোনো ল্যাব পরীক্ষার প্রমাণক দিতে না পারা।
৪/ সকল খাদ্যপণ্য ঢেকে না রাখা এবং কারখানার ভেতরে মাছির উপস্থিতি।
৫/ খাদ্য সংযোজন দ্রব্যের যথাযথ ম্যাটেরিয়াল ডাটা সেফটি শিট এবং সার্টিফিকেট অব এনালাইসিস কারখানায় সংরক্ষণ না করা।
৬/ খাদ্য উৎপাদনে সংযোজন দ্রব্যের সঠিক পরিমাণে ব্যবহারের প্রমানক দেখাতে না পারা।
৭/ সকল খাদ্যপণ্যের চালান, ক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করা।
উল্লিখিত কার্যক্রমসমূহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সুস্পষ্ট লঙ্ঘন। অভিযানকালে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারা ৩২(ক) এবং ৩৮ ধারা মোতাবেক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে অধিকতর পরীক্ষা নিরীক্ষার নিমিত্ত খাদ্য নমুনাও সংগ্রহ করা হয়।