খুলনার বটিয়াঘাটায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা তেঁতুলতলা এলাকা পরিত্যক্ত টিনের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তেঁতুলতলা এলাকার এক গৃহবধূ হারিয়ে যাওয়া হাঁস খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত টিনের বেড়াঘেরা ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পান। পরে ঘরের ভেতরে উঁকি দিয়ে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসীর মাধ্যমে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের টি শার্ট ও কালো জিন্সের প্যান্ট ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।