মায়ামিতে মেসি-ডি পলদের সঙ্গী হলেন কাসেমিরো

ইন্টার মায়ামিতে আর্জেন্টিনার লিওনেল মেসি, ডি পলদের সঙ্গী হলেন ব্রাজিলের কাসেমিরো। ফ্রি এজেন্ট হিসেবে এই অভিজ্ঞ মিডফিল্ডারকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেজর লিগ সকারের দলটি। তবে চুক্তিটি সম্পন্ন হলেও নিয়মভঙ্গের অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে লিগ কর্তৃপক্ষ।

লিগ নিয়মের অধীনে এলএ গ্যালাক্সি-র কাছে কাসেমিরোকে সই করানোর অগ্রাধিকার স্বত্ত্ব ছিল। তাদের কাছ থেকে সেই স্বত্ব হস্তান্তরের আগেই মিয়ামি ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেছে কি না, তা খতিয়ে দেখতেই এই 'টেম্পারিং' তদন্ত শুরু করেছে এমএলএস কর্তৃপক্ষ।

৩৪ বছর বয়সী কাসেমিরোর সঙ্গে ২০২৭ সালের মে মাস পর্যন্ত স্বল্পমেয়াদি চুক্তি করেছে ইন্টার মিয়ামি, যেখানে ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি বাড়ানোর অপশন রাখা হয়েছে। প্রাথমিকভাবে কাসেমিরোকে নন-ডিজাইনেটেড প্লেয়ার হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্যালাক্সিকে নিজেদের 'ডিসকভারি রাইটস' ছাড়ার বিনিময়ে ক্ষতিপূরণ দেবে মিয়ামি। তবে ক্ষতিপূরণের সঠিক অঙ্ক নির্ধারণ করা হবে লিগের এই টেম্পারিং তদন্তের সিদ্ধান্ত আসার পর।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গত মৌসুমে অসাধারণ ফর্মে ছিলেন কাসেমিরো। ৩৩টি ম্যাচে শুরুর একাদশে খেলে ৯টি গোল করেন এবং ক্লাবকে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগে তুলতে বড় ভূমিকা রাখেন।