ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনীর’ প্রধান স্বপনকে (৫০) আটক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুলাই রাত ১১টা থেকে ২২ জুলাই বেলা ৩টা পর্যন্ত ভোলার মনপুরা থানার কাজিরচরসংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনীর’ প্রধান স্বপনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক স্বপন ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা। কোস্ট গার্ড জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনীর’ প্রধান হিসেবে এলাকায় ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উদ্ধার করা অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া গচ্ছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।