দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বাংলা কিউআর। একটি অভিন্ন কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেনের সুযোগ তৈরি হওয়ায় নগদনির্ভর অর্থনীতি থেকে ক্যাশলেস লেনদেনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই ব্যবস্থা ধীরে ধীরে বড় ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছেও পৌঁছাচ্ছে।
বাংলা কিউআরের সবচেয়ে বড় সুবিধা হলো আন্তঃপরিচালনযোগ্যতা। অর্থাৎ, একজন গ্রাহক যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব ব্যবহার করেন, সেটি দিয়েই অন্য প্রতিষ্ঠানের মার্চেন্টের কাছে পেমেন্ট করতে পারবেন। এতে ব্যবসায়ীদের একাধিক কিউআর কোড রাখার প্রয়োজন কমবে। গ্রাহকের জন্যও পেমেন্ট প্রক্রিয়া হবে সহজ ও দ্রুত।
বাংলাদেশ ব্যাংকের নীতিগত উদ্যোগে ১ জুলাই ২০২৬ থেকে বাংলা কিউআর ব্যবহারে বাধ্যবাধকতা কার্যকর হয়েছে। এর ফলে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে শুধু মার্চেন্ট পয়েন্টে কিউআর কোড স্থাপন করলেই এর সফলতা নিশ্চিত হবে না। গ্রাহক কতটা নিয়মিত এই ব্যবস্থা ব্যবহার করছেন, সেটিই হবে প্রকৃত সাফল্যের মাপকাঠি।
বাড়ছে লেনদেন : বাংলা কিউআর ব্যবহারের ক্ষেত্রে সাম্প্রতিক তথ্য আশাব্যঞ্জক। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস রিপোর্ট ২০২৫ অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ প্রায় ৯ লাখ ৬৩ হাজার মার্চেন্ট বাংলা কিউআরের আওতায় এসেছে। এ সময়ে প্রায় ৬৬ লাখ লেনদেনের মাধ্যমে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা লেনদেন হয়েছে। ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৩১৯ কোটি টাকা। ফলে আগের তুলনায় ব্যবহার ও লেনদেন দুটিই বাড়ছে। ১ জুলাই থেকে বাধ্যতামূলক ব্যবহারের ফলে সামনে এমন লেনদেন আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলা কিউআরের প্রকৃত সাফল্য নির্ভর করবে শহরের বড় শপিংমল বা সুপারশপের পাশাপাশি গ্রামীণ হাটবাজার, মুদি দোকান, ক্ষুদ্র ব্যবসায়ী ও ফুটপাতের দোকান পর্যন্ত এর ব্যবহার কতটা ছড়ানো যায় তার ওপর।
তিন স্তরের চ্যালেঞ্জ : বাংলা কিউআর ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের তিনটি সক্ষমতা প্রয়োজন, মোবাইল ফোন, স্মার্টফোন এবং সচল ইন্টারনেট সংযোগ। ফলে দেশের সব মানুষ এখনো সরাসরি বাংলা কিউআর ব্যবহারের উপযোগী অবস্থায় নেই। বিটিআরসির হিসাবে, ২০২৬ সালের মে নাগাদ দেশে মোট মোবাইল ফোন সংযোগের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ। তবে একাধিক সিম ব্যবহারের কারণে এই সংখ্যা প্রকৃত ব্যবহারকারীর সংখ্যা নয়। বিবিএসের তথ্য অনুযায়ী, ৫ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর ৮০ দশমিক ৬ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করেন। এর মধ্যে নিজের ফোন রয়েছে ৫৬ দশমিক ৫ শতাংশের।
স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রেও ব্যবধান রয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, দেশের ৭২ দশমিক ৪ শতাংশ পরিবারের অন্তত একটি স্মার্টফোন রয়েছে। অর্থাৎ, এখনো উল্লেখযোগ্যসংখ্যক পরিবার বেসিক ফোন ব্যবহার করে, যেগুলো দিয়ে সরাসরি কিউআর স্ক্যান করা যায় না।
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও শহর ও গ্রামের মধ্যে পার্থক্য রয়েছে। শহরাঞ্চলে ইন্টারনেট ব্যবহারের হার ৭৫ দশমিক ৭ শতাংশ হলেও গ্রামে তা ৪৩ দশমিক ৬ শতাংশ। স্মার্টফোনের ক্ষেত্রেও শহরের ৮০ দশমিক ৮ শতাংশ পরিবারের বিপরীতে গ্রামে এ হার ৬৮ দশমিক ৮ শতাংশ। ফলে বাংলা কিউআর সম্প্রসারণে শহর ও গ্রামের জন্য আলাদা কৌশল নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএফএসের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ : গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল আর্থিক সেবা বিস্তারে বাংলাদেশ এরই মধ্যে সফলতা দেখিয়েছে। মোবাইল আর্থিক সেবার ক্ষেত্রে ইউএসএসডি (*২৪৭#) প্রযুক্তির মাধ্যমে সাধারণ ফিচার ফোন ব্যবহারকারীরাও লেনদেনের সুযোগ পেয়েছেন। এ ক্ষেত্রে স্মার্টফোন বা ইন্টারনেটের প্রয়োজন হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এমএফএস হিসাবধারীদের মধ্যে গ্রাম ও শহরের অংশগ্রহণ প্রায় সমান। বরং গ্রামে অংশগ্রহণ সামান্য বেশি, প্রায় ৫০ দশমিক ৪ শতাংশ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এমএফএস বিস্তারে এজেন্টভিত্তিক যে মডেল সফল হয়েছে, বাংলা কিউআরের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। স্থানীয় পর্যায়ে এজেন্ট ও মাঠকর্মীদের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হলে ব্যবহার বাড়তে পারে।
আস্থার সংকট কাটানো জরুরি : প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি বাংলা কিউআরের বিস্তারে সবচেয়ে বড় বিষয় হলো গ্রাহকের আস্থা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট আর্থিক লেনদেনের ৫১ দশমিক ৮৮ শতাংশ এখনো নগদে সম্পন্ন হয়। নিরাপত্তা, প্রতারণার আশঙ্কা এবং ভুল লেনদেন হলে অর্থ ফেরত পাওয়ার অনিশ্চয়তা অনেক গ্রাহককে নগদ ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করায়। বিশেষ করে প্রবীণ ও স্বল্পশিক্ষিত মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন নিয়ে অনাস্থা তুলনামূলক বেশি। তাই বাংলা কিউআরের প্রসারে আর্থিক সাক্ষরতা ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতারণা বা ভুল লেনদেনের ক্ষেত্রে দ্রুত অভিযোগ নিষ্পত্তি ও অর্থ ফেরতের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা : বাংলা কিউআরের বিস্তারে ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্পৃক্ত করা বড় চ্যালেঞ্জ। ১ জুলাই থেকে প্রতিটি বাংলা কিউআর লেনদেনে ব্যবসায়ীদের ন্যূনতম ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) দিতে হচ্ছে। বড় ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এই ব্যয় তুলনামূলকভাবে সামান্য হলেও গ্রামীণ মুদি দোকান বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তা গুরুত্বপূর্ণ। তাদের মুনাফার হার কম হওয়ায় এমডিআর ব্যবস্থাটি পুনর্বিবেচনার দাবি রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কম এমডিআর, প্রাথমিক পর্যায়ে ক্যাশব্যাক ও ছাড়ের মতো প্রণোদনা এবং ডিজিটাল লেনদেনের ভিত্তিতে ঋণ সুবিধা দেওয়া হলে বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ বাড়তে পারে।
স্মার্টফোনের বাইরে ভাবতে হবে : বাংলা কিউআর বর্তমানে স্মার্টফোন ও ইন্টারনেটনির্ভর। ফলে ফিচার ফোন ব্যবহারকারীরা এর বাইরে থেকে যাচ্ছেন। এ অবস্থায় ইউএসএসডি-ভিত্তিক মার্চেন্ট কোড বা এসএমএসের মাধ্যমে লেনদেন নিশ্চিত করার বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবা যেতে পারে।
ভারতের ইউপিআই ১২৩পে ও ইউপিআই লাইট এক্সের মতো উদ্যোগ দেখিয়েছে, স্মার্টফোননির্ভরতা কমিয়েও ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি করা সম্ভব। বাংলাদেশের ক্ষেত্রেও এমন প্রযুক্তি চালু হলে বাংলা কিউআরের আওতা আরও বিস্তৃত হতে পারে।
সামনে বড় সম্ভাবনা : বাংলা কিউআর দেশের পেমেন্ট ব্যবস্থাকে একটি অভিন্ন ও আন্তঃপরিচালনযোগ্য কাঠামোর দিকে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে নগদনির্ভরতা কমানোর পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা বাড়ানো এবং অনানুষ্ঠানিক অর্থনীতিকে আনুষ্ঠানিক ব্যবস্থার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে। তবে এই উদ্যোগের সাফল্য শুধু কত লাখ মার্চেন্ট কিউআর কোড ব্যবহার করছে, তার ওপর নির্ভর করবে না। প্রকৃত সাফল্য নির্ভর করবে শহর ও গ্রামের কতজন সাধারণ মানুষ নিয়মিত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাংলা কিউআর ব্যবহার করছেন তার ওপর।
বাংলাদেশ ব্যাংকের নীতিসহায়তা, ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের কার্যকর উদ্যোগ, সরকারের সমন্বিত সহায়তা এবং গ্রাহক সচেতনতা সবকিছু একসঙ্গে এগিয়ে নিতে পারলে বাংলা কিউআর দেশের ক্যাশলেস অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠতে পারে।