মেসির ‘সব ভুলে যাও’-এর অপপ্রচার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর আর্জেন্টিনা দলের ভেতর ফাটল বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের গুঞ্জন ছড়ায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব জল্পনা-কল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। এক সাংবাদিক যখন তাকে সরাসরি জিজ্ঞেস করেন ‘স্কালোনেতা’ কি এখনো একতাবদ্ধ এবং দলে কোনো অভ্যন্তরীণ কোন্দল নেই তো? তখন দৃশ্যত বিস্ময় প্রকাশ করে স্কালোনি এক বাক্যে উত্তর দেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না তুমি আমাকে কী জিজ্ঞেস করছ!’

আসল সত্য প্রকাশ পেল ভিডিওতে : ফাইনাল শুরুর ঠিক আগে টানেলে আর্জেন্টিনা দলের প্রায় তিন মিনিটের একটি এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করেছে ইএসপিএন। ভিডিওতে দেখা গেছে, মাঠে নামার ঠিক আগমুহূর্তে অধিনায়ক লিওনেল মেসি, গোলরক্ষক এমি ‘দিবু’ মার্তিনেজ ও ডিফেন্ডারদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ট্যাকটিক্যাল আলোচনা চলছিল।

ড্রেসিংরুমে দীর্ঘ অনুপ্রেরণামূলক বক্তব্যের পর টানেলে হাঁটার সময় শান্ত থাকার পরামর্শ দেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি সতীর্থদের উদ্দেশে বলেন : ‘শান্ত থাকো। শুধু খেলার কথা ভাবো, বাকি সব ভুলে যাও। কেবল খেলায় মন দাও।’

পরবর্তী সময় স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালকে আটকানোর রক্ষণে যাতে ফাঁক তৈরি না হয়, সে জন্য ক্রিস্টিয়ান রোমেরোকে নির্দেশ দিয়ে মেসি বলেন : ‘ওরা যখন বল নিয়ে আসবে, লিসান্দ্রো পারেদেস আর এনজো ফার্নান্দেজকে বলো যেন হুট করে বেশি সামনে না এগিয়ে যায়।’ মেসির ‘সব ভুলে যাও’ বার্তাটি মাঠের বাইরের কোনো বিতর্কের জন্য ছিল না; বরং ফাইনালের প্রচণ্ড চাপ এড়িয়ে খেলায় মনোনিবেশ করার জন্যই তিনি এই পরামর্শ দিয়েছিলেন।

টানেলে হাঁটার সময় স্পেনের সবচেয়ে বিপজ্জনক আক্রমণভাগের খেলোয়াড় লামিনে ইয়ামালকে কীভাবে সামলানো হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডিফেন্ডার ও গোলরক্ষক। রোমেরোকে লক্ষ্য করে দিবু বলেন, ‘যদি তুমি ওপরে উঠে যাও, তবে ইয়ামালের সঙ্গে তারা তোমাকে চাপে ফেলবে। চেষ্টা কর ভেতরের দিকে পাস বাড়িয়ে বল বের করে দেওয়ার।’

টানেল শেষে স্প্যানীয় খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন আর্জেন্টাইনরা; এ সময় মেসিকে পেদ্রি, ইয়ামাল ও দানি ওলমোর সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে খেলা শেষে ম্যাচের উত্তেজনা, হাতাহাতির পর্যায় পৌঁছায়।