ওমান থেকে এএইচএফ কাপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ মেয়েরা। এবার সে লক্ষ্যে ওমানে গেলেও প্রথম পর্বেই ত্রাহি অবস্থা অনূর্ধ্ব-১৮ ছেলেদের। মাস্কাটে অনূর্ধ্ব-১৮ যুব পুরুষ এশিয়ান হকি ফাইভস চ্যাম্পিয়নশিপে প্রথম পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ওমানকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হারলেও তৃতীয় ম্যাচে দুর্দান্ত লড়াই করে ওমানকে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় পর্বে আবারও ভারত, পাকিস্তান ও ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। একই দিন রাত সাড়ে ১১টায় পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা।