ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলার জেরে আসামিদের হুমকির মুখে বাদী পরিবার বাড়িছাড়া রয়েছে বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে অনাহার অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে বলে দাবি পরিবারটির। এ ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ২০ জুলাই ময়মনসিংহ পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
লিখিত অভিযোগ ও মামলার সূত্রে জানা গেছে, উপজেলার ভাটি চরনওপাড়া গ্রামের ভুক্তভোগী কিশোরীর মা অভিযোগ করেন, তার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মেয়েকে গত বছরের ২৫ নভেম্বর পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের রায়হান মিয়া (২৫) ধর্ষণচেষ্টা করেন। পরবর্তীতে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, এ ঘটনায় প্রথমে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করতে গিয়ে প্রতিকার না পাওয়ায় তারা ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বর্তমানে তা বিচারাধীন রয়েছে।
মামলার বাদী বলেন, ময়মনসিংহের পুলিশ সুপারের হস্তক্ষেপে আমার অপহৃত প্রতিবন্ধী মেয়েকে উদ্ধার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে সংশোধনাগারে পাঠানো হয়। মামলা দায়েরের পর থেকেই আসামিরা আমার ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। ১৭ জুলাই বাড়িতে যাওয়ার পথে আসামিরা তার পথরোধ করে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তার অভাবে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। তবে তারা পলাতক থাকায় এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।