চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, পুড়ে ভ্যানচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্যের একটি ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে নয়ন (১৮) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাহবুবুল জানান, বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে ডিলারের গোডাউনটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গোডাউনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা ডাল, তেল ও চিনিসহ বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হলেও কিছু পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনের ভেতর তল্লাশি চালিয়ে নয়ন নামের ওই যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। 

নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ জানান, আগুন নেভানোর চেষ্টার সময় ভেতরে আটকা পড়ে নয়নের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।