লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের অনুপস্থিতিতেও জয়ের ধারা বজায় রাখল ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজের জোড়া এবং বদলি খেলোয়াড় প্রেসটন প্লামবেকের ৮৭তম মিনিটের জয়সূচক গোলে শিকাগো ফায়ারকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা।
তাদের এই জয়ে বার্সেলোনা থেকে শিকাগোত আসা পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কির মেজর লিগ সকারে অভিষেকটা মলিন হয়ে গেল।
বিশ্বকাপ বিরতির পর মেজার লিগ আবার শুরু হলে ম্যাচের ১৮তম মিনিটে গোলরক্ষক রোকো রিয়োস নোভোর মারাত্মক ভুলে পিছিয়ে পড়ে মায়ামি। ডিফেন্ডার ইয়ান ফ্রেইয়ের বাড়ানো ব্যাকপাস গোলরক্ষক মিস করলে বল গড়িয়ে জালে জড়ায়।
তবে ২৭তম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান অধিনায়ক লুইস সুয়ারেজ। ৫১তম মিনিটে তিনিই এগিয়ে নেন মায়ামিকে। জার্মান বারতেরামের চমৎকার 'ব্যাকহিল' পাস থেকে শটে দারুণ গোল করেন এই উরুগুইয়ান।
ম্যাচের ৬৭তম মিনিটে দক্ষিণ আফ্রিকান তরুণ পুসো দিথেজানে দুর্দান্ত শটে গোল করে শিকাগোকে ২-২ সমতায় ফেরান।
নির্ধারিত সময়ের শেষ দিকে সুয়ারেজের শট শিকাগো গোলরক্ষক ক্রিস ব্রেডি প্রতিহত করলে ফিরতি বলে ভলিতে লক্ষ্যভেদ করেন ২০ বছর বয়সী প্রেসটন প্লামবেক।
লেভানডফস্কির মলিন অভিষেক
বার্সেলোনা থেকে সদ্য শিকাগো ফায়ারে যোগ দেওয়া ৩৭ বছর বয়সী পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি মূল একাদশেই নামেন এবং ৬৩ মিনিট মাঠে থাকেন। তবে অভিষেকম্যাচে কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি তিনি। ম্যাচ শেষে লেভানদোভস্কি জানান, নতুন দলের সাথে মানিয়ে নিতে ও ডিফেন্সের ভুলত্রুটি শুধরে নিতে কিছুটা সময়ের প্রয়োজন।