শ্বশুরবাড়িতে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে শ্বশুরবাড়িতে আতিকুর রহমান সাগর মন্ডল নামে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে শাপলা নামে এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। উপজেলার চালিতাবাড়ি গ্রামে বুধবার (২২ জুলাই) দিবাগত আড়াইটার দিকে এঘটনা ঘটে। 

নিহত আতিকুর রহমান সাগর মন্ডল (২৬) উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত মন্ডলের ছেলে ও শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগর মণ্ডলের বিরোধ চলছিল। তিনি স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে তার শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস করতেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে পরিবারের সদস্যরা ঘরে খাবার খাচ্ছিলেন। এ সময় সাগর বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বাইরে হইচই শুনে তার স্ত্রী মারজিয়া খাতুন ঘর থেকে বের হন।

মারজিয়া খাতুনের দাবি, তখন সাগরের জ্যাঠাতো ভাই জুলহাসসহ ২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে সাগরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সাগর দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর মাহফুজ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে সাগর মন্ডলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত সাগরের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। এঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।