রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলেয়া বেগমের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলী মিয়া। তিনি ২০১৯ থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলেয়া বেগম জ্বরে আক্রান্ত হয়ে বুধবার সকালে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

এদিকে তার এই অনাকাঙ্খিত মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবদায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বুধবার সকালে আলেয়া বেগম হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গসহ তার কিছু প্যাথলজি পরীক্ষা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মারা যাওয়ার পরে ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট হাতে আসে। এতে তার ডেঙ্গু পজিটিভ এসেছে।