আসছে শারদীয় উৎসবে মুক্তি পাচ্ছে টলিউড তারকা জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলির জুটির সাত নম্বর ছবি ‘দেশু ৭’। এরইমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে দেব ও শুভশ্রীর শুটিংয়ের মুহূর্ত।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটা নদীর পাড়ে নির্জন জায়গায় দাঁড়িয়ে আছেন দেব ও শুভশ্রী। শুভশ্রীর পরনে কালো সিল্কের শাড়ি ও কালো ব্লাউজ। দেবের হাতে ধরা একটা চায়ের কাপ। দু'জনের পাশে রাখা একটা গাড়ি। দেব-শুভশ্রী কথা বলছেন একে-অপরের সঙ্গে। নদীকে সাক্ষী রেখে কী কথা হচ্ছে তাঁদের মধ্যে? সেই উত্তর তো দেবে 'দেশু ৭'।
কিছুদিন আগেই দেব নিজেই তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন 'দেশু ৭'-এর অফিসিয়াল পোস্টার। সেখানেই দেখা যাচ্ছে, একটি গাড়ি উল্টে পড়ে রয়েছে। তার উপর বন্দুক কাঁধে দাঁড়িয়ে দেব। তার জামা, কপালে রক্ত লেগে। তাঁকে জড়িয়ে তাঁর চোখের দিকে তাকিয়ে শুভশ্রী। তাঁরও ওড়না, চুড়িদার রক্তে মাখামাখি। নেপথ্যে রাজপথে জ্বলে রয়েছে নিয়নবাতি। দাউ দাউ করে জ্বলছে গাড়ি। ধোঁয়ায় ঢেকে চারিদিক। পোস্টার দেখেই স্পষ্ট এটি রোমান্টিক ঘরানার ছবি হতে চলেছে। সঙ্গে থাকবে ভরপুর অ্যাকশনের ছোঁয়া।
দেব 'দেশু ৭'-এর অফিসিয়াল পোস্টার পোস্ট করে লিখেছিলেন, 'ভালোবাসা সহজে হয় না। আর একবার হলে তাকে ছাড়া থাকা যায় না।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হল।) কেবল পোস্টার নয়, এদিন ঘোষণা করা হল যে কবে মুক্তি পাচ্ছে ছবিটি। আগামী ১৬ অক্টোবর, ঠিক পুজোর সময় বড়পর্দায় আসছে 'দেশু ৭'। দেব-শুভশ্রীর ম্যাজিকে আরও একবার ভাসতে চলেছে আপামর বাঙালি।