গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় মো. জাহাঙ্গীর হাওলাদার নামে এক যবুককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর হাওলাদার (২৭) ওই গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ১৮ জুলাই স্বামী তার মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। ১৯ জুলাই রাত আনুমানিক ১টার দিকে জাহাঙ্গীর পূর্বপরিকল্পিতভাবে তাদের বসতঘরের পেছনের জানালা দিয়ে ঘরে ঢুকে ভুক্তভোগীকে ধর্ষণচেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় ভুক্তভোগীর ১০ মাস বয়সী শিশুর গায়ে অভিযুক্তের পা লাগলে শিশুটি কান্না শুরু করে। পরে চার বছর বয়সী অপর সন্তানও জেগে কান্নাকাটি শুরু করে। এ সময় জাহাঙ্গীর শিশুদের মুখ চেপে ধরেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জাহাঙ্গীর পালিয়ে যান।

ঘটনার পর ভুক্তভোগী তার স্বামী ও স্বজনদের বিষয়টি জানান। পরে অভিযুক্ত ও তার স্বজনদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি ও চাপ দেয় বলে মামলার অভিযোগ বলা হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ভুক্তভোগী বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় রাঙ্গাবালী থানায় মামলা হলে সকালে পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।