যুক্তরাষ্ট্রে আটক মাদুরোর বিচার শুরু আগামী ১ জুন

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দায়ের করা মাদক পাচার মামলার বিচার আগামী বছরের ১ জুন শুরু হবে। বুধবার (২২ জুলাই) নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এই তারিখ নির্ধারণ করেছে।

উভয় পক্ষের আইনজীবীদের আবেদনের পর বিচার শুরুর দিন ঠিক হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের শুরু থেকে প্রতিরক্ষা আইনজীবীরা অভিযোগপত্র বাতিলের আবেদন করবেন এবং ১৭ নভেম্বর এসব আবেদনের ওপর মৌখিক শুনানি অনুষ্ঠিত হবে।

৬৩ বছর বয়সী মাদুরো ও তার ৬৯ বছর বয়সী স্ত্রী সিলিয়া ফ্লোরেস গত জানুয়ারির শুরু থেকে নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে রয়েছেন। যুক্তরাষ্ট্রের বাহিনী গভীর রাতে কারাকাসে তাদের বাসভবন থেকে দুজনকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে।

বুধবারের প্রায় ১৫ মিনিটের শুনানিতে মাদুরো ও ফ্লোরেস আলাদা আসনে বসে ছিলেন এবং কেউই বক্তব্য দেননি। তারা দুজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তারা যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

আদালতে হাজির হওয়ার সময় মাদুরোকে আগের তুলনায় কিছুটা রোগা দেখা যায়। তিনি বিচারকের আদালতকর্মীদের শুভেচ্ছা জানান, আইনজীবীদের সঙ্গে করমর্দন করেন এবং শুনানির সময় হেডফোনে স্প্যানিশ ভাষায় অনুবাদ শোনেন। আদালত থেকে বের হওয়ার সময়ও তিনি দর্শক সারির দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোকে আটক করার অভিযানকে ছয় বছর আগে দায়ের হওয়া একটি ফৌজদারি মামলার অংশ হিসেবে পরিচালিত "নির্ভুল আইন প্রয়োগকারী অভিযান" বলে বর্ণনা করেছে। তবে মাদুরো দাবি করেছেন, তিনি যুদ্ধবন্দি এবং তাকে অপহরণ করা হয়েছে।

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, ভেনেজুয়েলার আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সহযোগিতায় মাদক চক্রের সঙ্গে যোগসাজশ করে মাদুরো হাজার হাজার টন কোকেন যুক্তরাষ্ট্রে পাঠানোর ষড়যন্ত্রে অংশ নেন।

গত জানুয়ারিতে আদালতে প্রথম হাজিরার সময় মাদুরো বলেছিলেন, 'আমি নির্দোষ। আমি একজন সৎ মানুষ এবং আমার দেশের সাংবিধানিক প্রেসিডেন্ট।'

মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক জানিয়েছেন, তারা প্রথমেই মাদুরোর আটককে 'সামরিক অপহরণ' উল্লেখ করে এর বৈধতা চ্যালেঞ্জ করবেন। এছাড়া রাষ্ট্রীয় দায়মুক্তির (সার্বভৌম দায়মুক্তি) ভিত্তিতেও অভিযোগপত্র বাতিলের আবেদন করা হবে। তার দাবি, এই আবেদন সফল হলে মামলার পরবর্তী কার্যক্রম চালানোর প্রয়োজন হবে না। 

প্রতিরক্ষা আইনজীবীদের মতে, বিচার শুরুর আগে আদালতকে কয়েকটি জটিল আইনি বিষয় নিষ্পত্তি করতে হবে। তবে এখন পর্যন্ত মাদুরো ও তার স্ত্রী জামিনের আবেদন করেননি।