জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৫, গ্রেপ্তার ২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে তাদের নিজ বসতবাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রেশমী আকতার (২৪), সাইফুদ্দিন (২৮), মাহবুব আলম (৪২), নাজিম উদ্দীন (৩৮) ও ছকিনা বেগম (৬০)। এর মধ্যে গুরুতর আহত রেশমী আকতার ও সাইফুদ্দিনকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর তিনজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই ঘটনায় রাতে চন্দনাইশ থানায় রেশমী আকতার ৪ জনের নাম উল্লেখ ও আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পর পুলিশ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি খুইল্যা মিয়া (৫৫) ও তার ছেলে শহিদুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করে। তাদের বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার জানান, এই ঘটনায় এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।