বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আরও ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সাতজন এবং সহকারী পুলিশ সুপার পাঁচজন। বৃহস্পতিবার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন— ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামকে টিডিএসে, র্যাবের শুক্লা রায়কে পুলিশ স্টাফ কলেজে, পিবিআইয়ের মনিরুজ্জামান ফকির, আশিক হাসান এবং পুলিশ সদরদপ্তরের মাহামুদ হাসানকে পুলিশ সদরদপ্তরের টিআর পদে বদলি করা হয়েছে। এছাড়া টিডিএসের সুবাস চন্দ্র সাহাকে ঢাকায় এবং ভোলা জেলা পুলিশের মো. ইব্রাহিমকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।
এছাড়া রেলওয়ে পুলিশের এএসপি ফয়সাল তানভীর, ট্যুরিস্ট পুলিশের এএসপি ফুয়াদ সাকিব এবং সিআইডির এএসপি এম. সায়েলিনকে পুলিশ সদরদপ্তরের টিআর পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, বান্দরবানের লামা সার্কেলের এএসপি মাসুম সরদারকে নৌ পুলিশে এবং চট্টগ্রাম জেলার মীরসরাই সার্কেলের এএসপি নাদিম হায়দার চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া দায়িত্ব হস্তান্তর করে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৫ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।