একে তো চোটের মিছিল, এর মধ্যে পারিবারিক কারণে আসন্ন অস্ট্রেলিয়া সফরের দুই টেস্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন ডানহাতি পেসার এবাদত হোসেন। এতে দল নির্বাচন করতে গিয়ে চিন্তায় পড়েছেন নির্বাচকেরা। তবে কিছুটা হলেও স্বস্তির খবর পেয়েছেন তারা। অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই শরিফুল ইসলাম ও লিটন দাসকে পাওয়ার কথা। তবে মন খারাপের বার্তাও আছে। শঙ্কা বেশি নাহিদ রানাকে নিয়ে।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলার সময় কাফ মাসলের চোটে পড়েন লিটন। দেশে দুবার পরীক্ষা করালে কিছুই ধরা পড়েনি। এজন্য জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ খেলতে যান তিনি। তবে অনুশীলনের সময় অস্বস্তি বোধ করায় কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসেন এই উইকেটরক্ষক-ব্যাটার। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়ে আরেকবার পরীক্ষা করান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, সেখানে চোট ধরা পড়েছে। তবে খুব বড় কিছু নয় বলেই নিশ্চিত করেছে বিসিবি। এজন্য দেশে ফিরে কিছুদিন পুনর্বাসন করে আগামী ১ তারিখ প্রথম বহরের সঙ্গী হতে না পারলেও দ্বিতীয় বহরের সঙ্গে ৩ আগস্ট অস্ট্রেলিয়ায় যাবেন লিটন।
জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান শরিফুল-নাহিদও। এদের মধ্যে শরিফুল পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। অজিদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই বাঁহাতি পেসার সেরে উঠবেন বলেই জানা গেছে।
শঙ্কা বেশি নাহিদকে নিয়ে। বৃহস্পতিবার রাতে তার স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। সেখানে চোট ধরা পড়েছে। তবে এর মাত্রা কতটা সেটা জানা যায়নি। বিসিবি একটি সূত্র নিশ্চিত করেছে, এবার বড়সড় চোটে পড়েছেন ডানহাতি গতি তারকা। সেরা উঠতে লম্বা পথ পাড়ি দিতে হবে তাকে। সে অর্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করতে পারেন নাহিদ।
এজন্য লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে যাওয়া আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদকে ডেকে পাঠিয়েছে বিসিবি। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শেষ না করেই ফিরে আসবেন হাসান। তার পরিবর্তে সদ্য চোট থেকে সেরে ওঠা বাংলাদেশের আরেক পেসার রিপন মন্ডলের এলপিএলে খেলতে যাওয়ার কথা৷
আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টে, ২২ আগস্ট ম্যাকায়ের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
এদিকে শন টেইট জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর হাই পারফরম্যান্স বিভাগের কোচ তালহা জোবায়েরকে দিয়ে কাজ চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাস এবং আগামী মাসে দুটি গুরুত্বপূর্ণ সফর আছে এইচপি ইউনিটের। এ মাসে দক্ষিণ আফ্রিকায় যাবে তারা, আগামী মাসে অস্ট্রেলিয়ার ডারউইনে। তবে এই দুই দলের সঙ্গী হবে না তালহা। জানা গেছে, জাতীয় দলের দায়িত্ব নিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট দলের সঙ্গী হবে তিনি। সাবেক এই পেসারকে জাতীয় দলের সঙ্গে রেখে দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি।